জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার জামায়াত আমিরের

জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার জামায়াত আমিরের

জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে তার দল ক্ষমতায় এলে এককভাবে নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে। বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামীর বাংলাদেশের মূল ভিত্তি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলের সমন্বয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, এক দল ক্ষমতায় আসার আগে ১০ টাকা দরে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মানুষ তা পায়নি। দেশের মানুষ আর এ ধরনের রাজনৈতিক ধোঁকা দেখতে চায় না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মায়েদের নিরাপদ চলাচল ও কর্মক্ষেত্রে সংকোচহীন পরিবেশ নিশ্চিত করা হবে। নারীদের যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের বেকারত্ব দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা হবে। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

তিনি বলেন, আমরা বিভক্তি চাই না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সরকারি কোষাগার লুটের সুযোগ আর থাকবে না। যারা টাকা পাচার করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, বেকার ভাতা নয়, হাতে কাজ তুলে দিতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন