ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সরাইলে আচরণবিধি লঙ্ঘন: রুমিন ফারহানাকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন এবং মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী ২২ জানুয়ারির মধ্যে অথবা তার আগেই জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
নোটিশে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বৃহৎ স্টেজ নির্মাণ করে ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং মাইকে রাজনৈতিক বক্তব্য দেন, যা নির্বাচন আচরণবিধি ২০২৫-এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্দেশনার পর রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্নভাবে হুমকি দেন। একপর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, “আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।” এ সময় তার কর্মীরাও মারমুখী আচরণ করেন।
নোটিশে বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-2 আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। সেখানে দলটির সমর্থনে নির্বাচন করছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপি রুমিন ফারহানাকে আগেই দল থেকে বহিষ্কার করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ