ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুনের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বান্নির মাঠে ইউনিয়নবাসীর উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে দলে দলে অংশগ্রহণ করেন। এ সময় পুরো সমাবেশস্থল ‘মামুন ভাই’ এবং প্রার্থীর প্রতীক ‘ঘোড়া’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
গোয়ালনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।
তিনি তার বক্তব্যে বলেন, “আমি ক্ষমতার নয়, জনতার প্রতিনিধি হতে চাই। আমি নির্বাচিত হলে নিরাপদ, শান্তিময় ও আলোকিত নাসিরনগর গড়াই হবে আমার মূল লক্ষ্য। নাসিরনগরে কোনো বেকার থাকবে না, উজান-ভাটি বলে কোনো বৈষম্য থাকবে না।” তিনি দুর্নীতিমুক্ত নাসিরনগর প্রতিষ্ঠা করার পাশাপাশি সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মীর মোস্তফা জালাল, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর মেম্বারসহ আরও অনেকে।
সভায় বক্তারা নাসিরনগরের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে কামরুজ্জামান মামুনের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ