ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভর সমর্থনে মাদারগঞ্জে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাওয়াই রোড এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি মাদারগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিল শেষে বালিজুড়ি নুরুন্নাহার মার্কেট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের পর কিছু নেতার অপকর্মের কারণে বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তায় ধস নামছে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। মেলান্দহ-মাদারগঞ্জ হবে শান্তি ও সম্প্রীতির জনপদ।” তিনি আরও বলেন, দীর্ঘদিনের অন্যায়, অবিচার ও চাঁদাবাজির হাত থেকে এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে রক্ষা করতে তিনি সর্বদা পাশে থাকবেন।
নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে শুভ বলেন, “নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ সাধারণ মানুষ মেনে নেবে না।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি তরুণ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এবং এলাকার শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘কাপ-পিরিচ’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ