ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী। গত ২৯ জানুয়ারি একটি ফেসবুক আইডি থেকে তার জীবন সংকটাপন্ন দাবি করে পোস্ট দেওয়ার পর তিনি এই আইনি পদক্ষেপ নেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সকালে বিল্লাল হোসেন বেপারী লক্ষ্য করেন ‘Amar Desh’ নামের একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে একটি বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়—বিল্লাল হোসেনের জীবন সংকটাপন্ন এবং শ্রীপুর পৌর বিএনপির একটি গ্রুপ তাকে যেকোনো সময় হত্যা করতে পারে।
বিল্লাল হোসেন বেপারী জিডিতে উল্লেখ করেন, কোনো অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম ও ছবি ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়াচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচনে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার লক্ষ্যেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।
ভুক্তভোগী এই বিএনপি নেতা জানান, উক্ত পোস্টের কারণে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের জীবননাশের আশঙ্কা করছেন। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরিটি করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এ ঘটনায় একটি জিডি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ