জামায়াতকে ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন আল্লামা বাবুনগরী

জামায়াতকে ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন আল্লামা বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক: মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলার সিদ্ধান্ত নেওয়ায় দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন ও মুবারকবাদ জানান।

বিবৃতিতে হেফাজত আমির বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের একটি বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা শুরু থেকেই মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান জানিয়েছিলাম এবং ইমান-আকিদা বিসর্জন দিয়ে কারও সাথে জোট না করতে সতর্ক করেছিলাম। আলহামদুলিল্লাহ! জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করায় আমি তাদের বিশেষ মুবারকবাদ জানাই।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও উল্লেখ করেন, ইসলামি রাজনীতিতে হকপন্থীদের একক পথচলা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। জামায়াতের সাথে থাকার কারণে এ দেশের ইসলামপন্থার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের এই সাহসী সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে। এই সাহসী পদক্ষেপ আগামী দিনে ইসলামপন্থী রাজনীতির জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন প্রসঙ্গে হেফাজত আমির স্পষ্ট করেন যে, হেফাজত বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো নির্দিষ্ট দলের পক্ষে সরাসরি অবস্থান নেবে না। তবে তিনি দেশবাসীকে মওদুদীবাদ ও ভ্রান্ত আকিদা পোষণকারী প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে, জনগণ তাদেরই ভোট দেবেন। একইসঙ্গে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী ঐক্যবদ্ধভাবে পথ চলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন