ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্ষমতায় এলে জুলাই শহীদদের জন্য আলাদা বিভাগ করবে বিএনপি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে চব্বিশের জুলাই শহীদদের পরিবার ও আহতদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে তাদের জন্য আলাদা একটি বিভাগ গঠন করা হবে।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধারা যেমন দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তেমনি চব্বিশের জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন। শহীদদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের পরিবারের সদস্যরা যেন কিছুটা ভালো থাকতে পারেন, সে ব্যবস্থা করা হবে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ নেতাকর্মীদের পরিবার এবং আহত নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। কেউ কেউ স্ক্র্যাচে ভর দিয়ে, আবার কেউ হুইলচেয়ারে করে অনুষ্ঠানে আসেন। এ সময় তারেক রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোকসভা ও শোকগাঁথা চলতেই থাকবে। তাই গণতন্ত্রকামী মানুষের বিজয়গাঁথা রচনা করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকের এক বা দুই চোখ নষ্ট হয়েছে, অনেকে পঙ্গু হয়েছেন। দেড় হাজারের মতো মানুষ নিহত হওয়ার ঘটনাকে গণহত্যা বলা যায়। আহত ও শহীদদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা ছাড়তে ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ কারণে রাষ্ট্রের তাদের প্রতি দায়িত্ব রয়েছে, যা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি উপলব্ধি করে।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়—এটি অধিকারবঞ্চিত মানুষের গণ-আন্দোলন। যারা এ আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের বিষয়ে স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষকে সজাগ থাকতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস ছাত্তার পাটোয়ারী।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ