নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতির পদত্যাগ, যোগ দিলেন জামায়াতে

নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতির পদত্যাগ, যোগ দিলেন জামায়াতে

মো. শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) লিখিতভাবে পদত্যাগের পর বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর প্রচারণায় অংশ নেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে নিয়ামতপুর হেলিপ্যাড মাঠে নওগাঁ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব আলমের এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিদ্যুৎ চন্দ্র মাহাতো উপস্থিত হয়ে প্রকাশ্যে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

দলত্যাগের বিষয়ে বিদ্যুৎ চন্দ্র মাহাতো সংবাদমাধ্যমকে বলেন, “আমি আজ ছাত্রদল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র জেলা শাখায় পাঠিয়েছি। সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং কোনো চাপ ছাড়াই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। ৫ই আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের সুশৃঙ্খল কার্যক্রম আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আমার মনে হয়েছে, জামায়াতে ইসলামীর হাতেই বাংলাদেশ নিরাপদ।”

তিনি আরও যোগ করেন, অন্য রাজনৈতিক দলের তুলনায় জামায়াতের আদর্শ ও শৃঙ্খলাবোধ তাকে বেশি অনুপ্রাণিত করেছে, যার ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ছাত্রদলের একজন শীর্ষ নেতার এই দলত্যাগ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন