বিএনপি সংস্কারের ধারক ও বাহক: নির্বাচনী পথসভায় ডাঃ জাহিদ হোসেন

বিএনপি সংস্কারের ধারক ও বাহক: নির্বাচনী পথসভায় ডাঃ জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক। বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে রাজনীতি করে। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে দিনাজপুরের বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ডাঃ জাহিদ হোসেন বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, বিএনপি নতুন ৫ আগস্টের পর নয়, বরং ২০২৩ সালের জুলাই মাসেই সংস্কারের প্রস্তাব দিয়েছিল। যারা বিএনপির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, সত্যকে কথার ফুলঝুরি দিয়ে ঢাকা যাবে না; বরং জনগণের মনের ভাষা বুঝে রাজনীতি করা উচিত।

আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি সত্যকে ধারণ করে আধুনিক বাংলাদেশ গড়তে চায়। কোনো ধরনের ষড়যন্ত্র বা ‘পিছনের দরজা’ দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ সফল হতে দেবে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের রায় দিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেবে উল্লেখ করে তিনি হুশিয়ারি দেন যে, কোনো ষড়যন্ত্র করে জনগণকে দাবিয়ে রাখা সম্ভব নয়। তিনি ৩১ দফার ভিত্তিতে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সারোয়ার হোসেন এবং আব্দুল হাকিম দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। কনকনে শীত উপেক্ষা করে সহস্রাধিক নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে এই পথসভাটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন