ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রদলের বিভিন্ন কমিটির ১৮ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার (২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, গোলাম সামদানি হৃদয়, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ এবং নবীনগর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিয়ান জাহিদ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদের বেশ কয়েকজন এই বহিষ্কারাদেশের আওতায় এসেছেন। একই সাথে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সকল প্রাথমিক সদস্যকেও আপাতত সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই গণবহিষ্কারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক বহিষ্কৃত নেতা ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। সাবেক ছাত্রদল নেতা রুবেল আকরাম তাঁর ওয়ালে লিখেছেন, এই বহিষ্কার ছাত্রদলকে শক্তিশালী নয় বরং বিলীন করার একটি অপচেষ্টা। অন্যদিকে বহিষ্কৃত নেতা আপেল মাহমুদ এটিকে রাজনীতির একটি স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেছেন।
জেলা ছাত্রদল জানিয়েছে, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং ভাবমূর্তি উজ্জ্বল রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে যেকোনো অনিয়মের ক্ষেত্রে এমন কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ