ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৭টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। রোববার (১৮ জানুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। আসন সমঝোতার ভিত্তিতে পাওয়া ৩০টি আসনের মধ্যে বাকি তিনটি আসনের প্রার্থী দ্রুতই চূড়ান্ত করা হবে বলে দলটি জানিয়েছে।
এনসিপির ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেছে, দেশের আলোচিত ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন এবং কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন। এছাড়া পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
ঘোষিত তালিকার অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ। এছাড়া দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ এবং কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “৩০টি আসনের মধ্যে ২৭টিতে আমরা প্রার্থী চূড়ান্ত করেছি। বাকি তিনটি আসনেও খুব দ্রুত সময়ের মধ্যে প্রার্থী ঘোষণা করা হবে।” উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক হিসেবে এনসিপি ৩০টি আসনে সমঝোতা পেলেও দলটির মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে সরে দাঁড়ানোর পর এনসিপির আসন সংখ্যা আরও বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ