ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম

ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার প্রতীক: মীর শাহে আলম

ওয়াফিক শিপলু, শিবগঞ্জ (বগুড়া): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মাঝিহট্ট ইউনিয়নে ধানের শীষ মার্কার জোয়ার সৃষ্টি হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ইউনিয়নের ছাতুয়া, খেউনী, নলডুবী, ভালুঞ্জা, দামগড়া, মোড়লপাড়া, কারিগরপাড়া, ঝান্চিয়ারা ও গামড়া এলাকায় দিনব্যাপী ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম।

সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এসব উঠান বৈঠকে এলাকার সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিটি গ্রামেই ধানের শীষের প্রার্থীকে স্বাগত জানাতে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষ মার্কা হলো জনগণের আস্থার শেষ আশ্রয়স্থল। আসন্ন নির্বাচনে শিবগঞ্জবাসী ধানের শীষের পক্ষে যে রায় দেবে, তা এ দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে।” তিনি শিবগঞ্জবাসীর সুখ-দুঃখে আমৃত্যু পাশে থাকার বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগকালে সাধারণ মানুষ তাদের নানা সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, মীর শাহে আলমের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ধানের শীষের প্রতি মানুষের পুরনো আবেগ নির্বাচনী লড়াইয়ে তাদের সুবিধাজনক অবস্থানে রেখেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন