‘সন্ধ্যার মধ্যে বিধি না বদলালে মঙ্গলবার ইসি ঘেরাও’—নাহিদ ইসলামের হুঁশিয়ারি

‘সন্ধ্যার মধ্যে বিধি না বদলালে মঙ্গলবার ইসি ঘেরাও’—নাহিদ ইসলামের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক বিধিনিষেধ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই বিধি পরিবর্তনের দাবি জানান, অন্যথায় নির্বাচন কমিশন ঘেরাও করার ঘোষণা দেন।

জনসভায় নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না। ইসি কোন পরিকল্পনার আদলে এই বিধি বের করেছে তা আমাদের কাছে স্পষ্ট। আজ সন্ধ্যার মধ্যে যদি এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, তবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের আইন মূলত তথ্য অধিকার রোধ এবং মিডিয়াকে ব্ল্যাকআউট করে ভোট কারচুপির একটি অপচেষ্টা। তিনি ইসিকে সতর্ক করে বলেন, “১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, তবে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের চেয়েও এই কমিশনের পরিণতি আরও ভয়াবহ হবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের এই প্রার্থী শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছেন। আজকের এই কঠোর অবস্থান নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন