ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এক ঝোড়ো বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণকালে তিনি বলেন, “দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকের হাত-পা গুঁড়া করে আইনের মাধ্যমে জেলে আটকে রাখতে পারি।”
নাম উল্লেখ না করে এই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে তিনি বলেন, “ঢাকা-৮-এ যে মাদক সিন্ডিকেট ও মাদক সম্রাট রয়েছেন, ওনাকে আহ্বান জানাবো—কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার ওপরেই আঘাত করে বসবে।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের সময় কাউকে মাদক বা অস্ত্র দিয়ে ব্যবহার করা হচ্ছে, যার বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি ভোটারদের রায় দিতে হবে।
সম্প্রতি হাবিবুল্লাহ বাহার কলেজে প্রচারণা চালাতে গিয়ে তাঁর ওপর ডিম নিক্ষেপের ঘটনার কথা উল্লেখ করে তিনি বেশ আক্রমণাত্মক মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না, তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবোও।”
প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন দাবি করে তিনি বলেন, “আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো। আমরা আর কোনো সন্ত্রাসী কার্যক্রম সহ্য করবো না।” তাঁর এই মারমুখী বক্তব্যে মতিঝিল ও পল্টন এলাকার নির্বাচনী রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ