ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে নির্বাচনী কার্যক্রমের এক বিশাল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে তার জায়গা বিএনপিতে হবে না।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, দলের নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে; তিনি ওয়ার্ড পর্যায়ের নেতা হোন বা স্থায়ী কমিটির সদস্য—কাউকেই ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তাই ধানের শীষের প্রচারণার পাশাপাশি ‘হ্যাঁ’ এর পক্ষেও জোরালো প্রচার চালাতে হবে।
নির্বাচনী সমন্বয় সভায় মৌলভীবাজার-২ আসনের ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু বলেন, ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। কুলাউড়ার সার্বিক উন্নয়নের স্বার্থে অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বক্তারা ধানের শীষের পক্ষে জনমত গঠন, ভোটারদের কেন্দ্রে আনা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উপদেষ্টা শরিফুজ্জামান চৌধুরী তপন, সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীসহ স্থানীয় ও প্রবাসী নেতৃবৃন্দ। সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। কুলাউড়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিতিতে সভাটি এক বিশাল নির্বাচনী সমাবেশে পরিণত হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ