মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটযুদ্ধে আপন দুই ভাই: কাস্তে বনাম কোদাল

মুন্সীগঞ্জ-৩ আসনে ভোটযুদ্ধে আপন দুই ভাই: কাস্তে বনাম কোদাল

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে এক ব্যতিক্রমী ও কৌতূহলোদ্দীপক রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে। এই আসনে সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন আপন দুই সহোদর। বড় ভাইয়ের বিপক্ষে ছোট ভাই—এমন লড়াই স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার খোরাক জুগিয়েছে।

এই দুই প্রার্থীর মধ্যে বড় ভাই শ.ম. কামাল হোসেন লড়ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ‘কাস্তে’ প্রতীক নিয়ে। অন্যদিকে, তার আপন ছোট ভাই শেখ মো. শিমুল প্রার্থী হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত ‘কোদাল’ প্রতীক নিয়ে।

মুন্সীগঞ্জ শহরের পঞ্চসার ইউনিয়নের বাসিন্দা এই দুই ভাই দীর্ঘদিন ধরেই রাজনীতির মাঠে সক্রিয়। তবে পারিবারিক সম্পর্ক ছাপিয়ে আদর্শিক রাজনীতির কারণে তারা ভিন্ন দুটি বামপন্থী দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পরিবারের দুই সদস্যের ভিন্ন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা বিশ্লেষণ।

স্থানীয় ভোটাররা জানান, দুই ভাই-ই এলাকায় পরিচিত মুখ এবং নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই ভাইয়ের পারিবারিক সম্পর্ক অটুট রয়েছে। প্রচার-প্রচারণার সময়ও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখছেন, যা সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা দিচ্ছে।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, মুন্সীগঞ্জ-৩ আসনের এই লড়াই শুধু দুই ব্যক্তির নয়, বরং এটি দুটি ভিন্ন রাজনৈতিক দর্শনেরও লড়াই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কাস্তে না কোদাল—কে কাকে ছাড়িয়ে যাবে, তা দেখতে এখন মুখিয়ে আছেন জেলাবাসী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন