বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

বিএনপির দুইবারের এমপি ও মুক্তিযোদ্ধা যোগ দিলেন জামায়াতে

বিএনপির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

বিএনপির সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জামায়া‌তে ইসলামী‌তে যোগ দিয়েছেন। শ‌নিবার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াতের কার্যাল‌য়ে গিয়ে তিনি দলটির আমির ডা. শ‌ফিকুর রহমা‌নের কাছে ফরম পূরণ ক‌রে আনুষ্ঠানিকভাবে দ‌লে যোগ দেন।

মেজর আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ম‌নোনয়‌নে এম‌পি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সা‌লেও তিনি ধা‌নের শী‌ষ প্রতীকের প্রার্থী হন। পরে ২০২২ সা‌লে দ্বিতীয়বা‌রের মতো বিএন‌পি থে‌কে ব‌হিষ্কার হওয়ার পর আর তিনি তার পূর্বের দলে ফিরতে পারেননি।

জামায়া‌তের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞ‌প্তি‌তে মেজর আখতারের যোগদান সম্পর্কে বলা হয়েছে, "দ‌লের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।"

এছাড়াও তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকারও করেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন। 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন