যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ উদযাপন করতে যাচ্ছেন তারেক রহমান। ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় তিনি যমুনায় উপস্থিত হবেন। সেখানে প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি তাঁর বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বিএনপি বিপুল বিজয় অর্জন করলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দেড় দশক পর তাঁর এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিডি.এন/সকালবেলা

মন্তব্য করুন