ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তিকারী শিক্ষিকার বহিষ্কার চায় ছাত্র জমিয়ত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তিকারী শিক্ষিকার বহিষ্কার চায় ছাত্র জমিয়ত

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক নারী শিক্ষার্থীকে কটূক্তি এবং ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের অংশ হিসেবে কোনো শিক্ষার্থী নিকাব পরিধান করলে তাকে নিয়ে অপমানজনক মন্তব্য বা হেয় করা অত্যন্ত ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। কোনো জোরালো প্রমাণ ছাড়া একজন শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বা উগ্রপন্থী বলে আখ্যা দেওয়ার ঘটনাকে তারা গুরুতর অপরাধ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর করা পোস্ট থেকে জানা যায়, শ্রেণিকক্ষে নিকাব পরা এক নারী শিক্ষার্থীকে শিক্ষিকা সামনে না বসে পেছনে গিয়ে বসার নির্দেশ দেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ওই শিক্ষার্থীকে উগ্রবাদী বা সন্ত্রাসী কি না তা নিয়ে প্রশ্ন তোলা হয়। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্ষোভ প্রকাশ করেন।

ছাত্র জমিয়তের পক্ষ থেকে বলা হয়, অভিযোগ সত্য হলে তা শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদার ওপর বড় আঘাত। তাই ঢাবি প্রশাসনের উচিত দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর ধর্মীয় পোশাক পরার অধিকার ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এআইএল/সকালবেলা