যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন হিসেবে নির্ধারিত হয়েছে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’। সরকারপ্রধানের নিরাপত্তা এবং সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বর্তমানে সেখানে অবস্থানরত বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভবনটি ছেড়ে দেবেন বলে নিশ্চিত করেছে সরকারি আবাসন পরিদপ্তর।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গণভবন বর্তমানে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে নির্মাণাধীন। ফলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর জন্য বিকল্প বাসস্থানের প্রয়োজনীয়তা দেখা দেয়। গত বছরের জুলাইয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ অনুযায়ী যমুনাকেই চূড়ান্ত করা হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের নিজস্ব বাসভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। সংস্কারকাজ দ্রুত শেষ করে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনাতেই করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মন্তব্য করুন