মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলানগরে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে তিনি আকস্মিক উপস্থিত হন।

পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে এই আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্পারসোর কার্যালয়ের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। তিনি সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে স্পারসোর বর্তমান কার্যক্রম, গবেষণালব্ধ ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় নিরাপত্তা এবং দেশের সার্বিক উন্নয়নে এই প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর উচ্চপদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, স্পারসো বাংলাদেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে নিয়োজিত প্রধান জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন