জন্মান্ধ পরিবারের পাশে এমপি নাসের রহমান
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের অসহায়ত্বের খবর পেয়ে সহায়তায় এগিয়ে এসেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
যুক্তরাজ্যে অবস্থানকালে গণমাধ্যমের মাধ্যমে সংবাদটি জানতে পেরে তিনি দ্রুত স্থানীয় প্রশাসন ও নিজের ব্যক্তিগত সহকারীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে দেশে ফিরেই শনিবার তিনি সরাসরি ওই পরিবারটির বাড়িতে পৌঁছে যান।
এমপি নাসের রহমান অসহায় পরিবারটির সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের দৈনন্দিন সংকট, চিকিৎসা ও বাসস্থানের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরিদর্শন শেষে তিনি পরিবারটির হাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য জানান, তাঁর নিজস্ব উদ্যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে ইতোমধ্যে পরিবারের ৩ জন সদস্যের (১ জন প্রাপ্তবয়স্ক ও ২ জন শিশু) চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তাঁরা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। বাকী সদস্যদের চিকিৎসার ক্ষেত্রেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। একই সাথে পরিবারটিকে সরকারি প্রতিবন্ধী ভাতা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা এবং যাতায়াতের রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাৎক্ষণিক নির্দেশ দেন।
সংসদ সদস্য পরিবারটির উদ্দেশ্যে বলেন, "আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ থাকতে পারিনি। দূর প্রবাসে থাকা অবস্থাতেই প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলাম। দেশে ফিরেই আপনাদের দেখতে এসেছি। আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।"
এআইএল/সকালবেলা
|