সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের জন্য দ্রুত কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই লক্ষ্য অর্জনে ঐতিহ্যবাহী ‘দৈনিক বাংলা’, ‘বাংলাদেশ টাইমস’ এবং জনপ্রিয় সাপ্তাহিক ‘বিচিত্রা’ পুনরায় চালু করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই গণমাধ্যমগুলোর একটি ঐতিহাসিক ও ঐতিহ্যগত মূল্য রয়েছে। সমাজ ও প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের রুটি-রুজির সুনির্দিষ্ট সুযোগ তৈরি না হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের বর্তমান একজন যোগ্য তথ্যমন্ত্রী আছেন; আমি আশা করব তিনি এই ঐতিহ্যবাহী বন্ধ মিডিয়া হাউসগুলো রাষ্ট্রীয় উদ্যোগে চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

প্রয়োজনে অংশীজন ও সাংবাদিকদের সাথে নিয়ে নতুন নতুন গণমাধ্যমের ক্ষেত্র তৈরি করার মাধ্যমে দ্রুত বেকার সাংবাদিকদের রুটি-রুজির ব্যবস্থা করার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাগিদ দেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্তব্য করুন