শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল
শুধু প্রচলিত চাকরির পেছনে অন্ধের মতো না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস (Agro-Business) ও আধুনিক উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের কৃষিখাতে যে অপার সম্ভাবনা রয়েছে, তরুণ সমাজ উদ্যোক্তা হিসেবে তা কাজে লাগাতে পারলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিও এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
আজ রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "কৃষি নিয়ে পড়াশোনা করলেই সবাইকে শেষ পর্যন্ত কেবল সরকারি কিংবা করপোরেট চাকরির মুখাপেক্ষী হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। কৃষির সঙ্গে সম্পর্কিত প্রসেসিং শিল্প, বাণিজ্য ও প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণেরা নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি সমাজের হাজারো বেকার মানুষের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।"
তিনি আরও বলেন, "শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে একটি বড় জাতীয় চ্যালেঞ্জ। তাই কেবল একটি ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষতা, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটিয়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে চিরাচরিত কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও অধিক উৎপাদনশীল খাতে রূপান্তর করা এখন সময়ের দাবি।"
দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করার বিষয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, কৃষি গবেষণায় বাজেট ও বিনিয়োগ বাড়াতে হবে এবং ল্যাবরেটরির নতুন প্রযুক্তিগুলোকে সরাসরি মাঠপর্যায়ের প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের ঐতিহাসিক অবদান রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার এই ধারাবাহিকতায় নবীন শিক্ষার্থীরা আগামী দিনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
শেকৃবির উপাচার্য ড. মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
|