কৃষক বাঁচলে দেশ বাঁচবে: এমপি শামীম তালুকদার
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার (২৪ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে স্থানীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য এবং উপজেলা সংগ্রহ কমিটির প্রধান উপদেষ্টা মো. ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকের স্বার্থ রক্ষায় ও তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব ও কৃষিবান্ধব যুগান্তকারী উদ্যোগের ফলে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে আরও অনেক দূর এগিয়ে যাচ্ছে।” তিনি কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই প্রকৃত কৃষকরা যাতে সরাসরি গুদামে ধান দিতে পারেন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা খাদ্য কর্মকর্তা ও সংগ্রহ কমিটির সদস্য সচিব শামসুল হক। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় ১,৮১৬ মেট্রিক টন বোরো ধান এবং ৮৫৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা (অর্থাৎ প্রতি মণ ১,৪৪০ টাকা) এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, স্থানীয় কৃষক মোয়াজ্জেম হোসেনসহ খাদ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
স্থানীয় সাধারণ কৃষকরা প্রশাসনের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আশা রাখছেন যে, সরাসরি গুদামে ধান-চাল বিক্রির সুযোগের মাধ্যমে তারা ফসলের ন্যায্যমূল্য পাবেন, যা স্থানীয় কৃষি খাতকে আরও বেশি শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে।
এআইএল/সকালবেলা