২৮ দিনে ২৮ পদক্ষেপ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের স্ট্যাটাস

২৮ দিনে ২৮ পদক্ষেপ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকার গঠনের মাত্র এক মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কার্যক্রমকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের প্রথম ২৮ দিনে নেওয়া ২৮টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, গত এক মাসে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে প্রধানমন্ত্রী নির্বাচনি অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। তিনি বলেন, “এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক রুটিন কাজ নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।” উল্লেখ্য, মাহদী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

মাহদী আমিনের তুলে ধরা ২৮টি পদক্ষেপের মধ্যে সামাজিক সুরক্ষায় ৩৭ হাজার পরিবারকে মাসিক ২,৫০০ টাকা হারে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ধর্মীয় সেবকদের সম্মানী চালুর বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। কৃষি খাতে ২৭ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান ও ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের ঘোষণা গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। এছাড়া দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসনিক সংস্কারে প্রধানমন্ত্রী নিজে শনিবার অফিস করা এবং কর্মকর্তাদের সকাল ৯টায় উপস্থিতি বাধ্যতামূলক করার মাধ্যমে নতুন নজির স্থাপন করেছেন। ভিভিআইপি প্রটোকল হ্রাস, এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্তগুলো রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাহদী আমিন তাঁর স্ট্যাটাসে দাবি করেন। শিক্ষা ক্ষেত্রে পুনর্ভর্তি ফি বাতিল, বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি এবং স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও এই তালিকায় স্থান পেয়েছে।

স্ট্যাটাসের শেষে মাহদী আমিন প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের এই দৃঢ় নেতৃত্ব নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তুলবে। সরকারের এই ২৮ দিনের তৎপরতা সাধারণ মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এক নতুন যাত্রার সূচনা করেছে বলে তিনি মন্তব্য করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন