হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি, মৃত্যু ৩৭ জনের
অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। রোববার (৩১ মে) রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজি নিরাপদে বাংলাদেশে এসে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিমে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫,৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১,১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১,৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩,৩০০ জন হাজি পরিবহন করেছে। ১৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করে।
এদিকে, সৌদি আরবে মারা যাওয়া ৩৭ জন হাজির মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন মারা গেছেন। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার বিকেলে মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরা নিশ্চিত করতে আবাসন ও চিকিৎসাসেবা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। গত ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হয় ২১ মে। আর ৩০ মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।