ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ মার্চ ) অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যসূচি শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই ঘোষণা দেন।
রোববার বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। দিনের কার্যক্রম শেষে স্পিকার ঘোষণা করেন যে, সংসদের পরবর্তী বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
অধিবেশন মুলতবি করার আগে স্পিকার উপস্থিত সকল সংসদ সদস্যকে তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি সংসদ সদস্যসহ দেশবাসীকে অগ্রিম ‘ঈদ মোবারক’ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সংসদে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং একপর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন। আজকের অধিবেশনে সেই উত্তেজনা না থাকলেও মুলতবি ঘোষণার মাধ্যমে প্রথম দফার দাপ্তরিক কাজ সম্পন্ন হলো।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ