দেশি মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গড়ছে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
দেশি মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গড়ছে সরকার: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন ক্ষেত্রগুলো রক্ষায় হাওর, বাওড়, নদীনালা ও সমুদ্রে মাছের অভয়াশ্রম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা জানিয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতের মানসম্মত গবেষণার ফলেই আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। চাষের মাছের উৎপাদন, গুণগত মান এবং খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন ঘটলেও জলবায়ু পরিবর্তন ও জনসচেতনতার অভাবে প্রাকৃতিক মাছের প্রজনন ক্ষেত্রগুলো আজ ধ্বংসের মুখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশেই এই সংকট উত্তরণে চলতি বছর থেকে বড় ধরনের বাজেট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার।

গবেষকদের প্রতি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, দেশি মাছের প্রজনন, জাত উন্নয়ন, হারিয়ে যাওয়া প্রজাতি পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে। উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের অপার সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি ক্ষতিকর জালের ব্যবহার রোধে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান বর্জন করে নিরাপদ মৎস্য উৎপাদনে জোর দিয়ে আগামীতে পর্যাপ্ত মাছ বিদেশে রপ্তানির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এর গুণগত মান ও স্বাদ সুরক্ষায় পানির গুণগত মান এবং জলাশয়ের দূষণ রোধ করা অত্যন্ত জরুরি। নদী ও খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রেখে মাছের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মীর হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। স্বাগত বক্তব্য দেন বিএফআরআইয়ের পরিচালক ড. মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা