জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে: আইজিপি

জুলাইকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা হচ্ছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, "জুলাই বিপ্লব কারও বাপের সম্পত্তি নয়।"

সোমবার (৯ মার্চ ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, "আমরাও রাজপথে ছিলাম। জুলাই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির একক অর্জন নয়। যারা একে নিজের সম্পত্তি ভেবে ফায়দা লুটতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

আইজিপি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দল-মতনির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করতে সিআইডিকে আরও আধুনিকায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে পুলিশ অঙ্গীকারবদ্ধ।

থানায় আসা মানুষ যেন হাসিমুখে সেবা নিয়ে ফিরতে পারে এবং পুলিশের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না থাকে, সে লক্ষ্যে কাজ চলছে। পুলিশের 'রিঅ্যাকশন টাইম' বা ঘটনাস্থলে পৌঁছানোর সময় কমিয়ে আনা হবে।

নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার অনুযায়ী দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখাই পুলিশের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আইজিপি নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ব্লক রেইডসহ বিশেষ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন