দুপুরে ‘স্ত্রী’ মরিয়মের সঙ্গে খাবার খেয়েছেন গাজী নজরুল
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন)-এর ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ফোরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছে রুদ্ধদ্বার কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দুপুরে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাঁর দুই স্ত্রীর সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার খান। বিকেল সাড়ে ৩টার দিকে তাঁরা পৃথক কক্ষে বিশ্রামে যান। বিকেল ৫টার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। পরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সিআইডি ও পিবিআই-এর ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এআইএল/সকালবেলা