বিশ্ব পাল্টে গেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু: অর্থমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ
বিশ্ব পাল্টে গেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও আধুনিক রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের উল্লেখ করে তাঁর নতুন চিন্তাধারায় পরিবর্তনকামী বাংলাদেশ গড়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই নতুন ধারার রাজনীতিতে দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ বাদ যাবে না এবং প্রতিটি নাগরিক অর্থনীতির সুফল পাবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পূর্ণ পুনর্বাসনে গৃহ হস্তান্তর, আর্থিক অনুদান ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ওই বর্ণাঢ্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, "বাংলাদেশের যুবসমাজ, শিশু, নারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবীসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রকৃত চাহিদা ও সমস্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট জানা রয়েছে। সেভাবেই জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে যেন কেউ বাদ না পড়ে। বিশ্বব্যবস্থা যেহেতু দ্রুত বদলে যাচ্ছে, তাই নতুন চিন্তাধারা নিয়ে নতুন রাজনীতি শুরু করা হয়েছে।"

প্রতিটি পরিবারকে সামাজিক সুরক্ষাবেষ্টনীতে নিয়ে আসার রূপরেখা তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে অর্থনীতির আসল সুফল পৌঁছে যাবে। পরিবারের প্রধান নারী হিসেবে মায়েরা পাবেন ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের হাতে যাবে বিশেষ ‘কৃষিকার্ড’ এবং আলেম-ওলামাদের সার্বিক কল্যাণ ও সামাজিক মর্যাদায় আলাদা বাজেট দেওয়া হয়েছে।"

সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, চিকিৎসা ও শিক্ষা মানুষের মূল ব্যয়ের খাত হওয়ায় বর্তমান সরকার এসব খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দিয়েছে। বিনা পয়সায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা খরচ কমানো, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নগদ সুবিধা পৌঁছে দিলে দেশের প্রান্তিক কোনো মানুষই অসচ্ছল থাকবে না।

বাঁশখালীর স্থানীয় অবকাঠামো ও অর্থনীতির সম্ভাবনা নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বাঁশখালীর নদীভাঙন রক্ষা ও সার্বিক উন্নয়নের ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। এই অঞ্চলের অর্থনৈতিক যত সম্ভাবনা রয়েছে, তার সবগুলোকে সরকার যথাযথভাবে কাজে লাগাবে।

মন্তব্য করুন