১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে বদলে যাবে ঢাকার গণপরিবহন

১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে বদলে যাবে ঢাকার গণপরিবহন

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বুয়েটের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক।

শামসুল হক জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হবে গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং নারীদের জন্য নিরাপদ ও উন্নত বাসসেবা চালু করা। বিশেষ করে নারীদের জন্য বিশেষায়িত বাস এবং নারী চালক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনায় ডিজেলচালিত বাসের পরিবর্তে পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বাস চালুর মাধ্যমে দূষণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে বাসব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে জোনভিত্তিক পাইলট কার্যক্রম এবং মেট্রোরেলের পরিপূরক হিসেবে অন্যান্য পরিবহন ব্যবস্থাকে সমন্বিত করার বিষয়ে আলোচনা হয়। শামসুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের কার্যকর পরিবহন ব্যবস্থা দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশেও একটি জনবান্ধব কাঠামো গড়ে তুলতে আগ্রহী। বিশেষ করে বাসাবো, গোড়ান, মাদারটেক ও পুরান ঢাকার মতো ঘিঞ্জি ও অপরিকল্পিত এলাকায় লাইট রেল ও মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিতে তিনি নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, মেট্রোরেলের ছয়টি রুট প্রধান সড়ককেন্দ্রিক হলেও ঘনবসতিপূর্ণ এলাকার জন্য পরিপূরক ব্যবস্থার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে একটি সমীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার কথা হয়েছে, যাতে চলতি বছরেই কাজ শুরু করা যায়। এ ছাড়া রেলভিত্তিক যোগাযোগ শক্তিশালী করে দ্রুতগতির ট্রেন চালুর মাধ্যমে নগর বিকেন্দ্রীকরণের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে। গণপরিবহনকে সমন্বিত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন