প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল: ১৫ প্রতিষ্ঠানে নতুন প্রধান

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল: ১৫ প্রতিষ্ঠানে নতুন প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। একদিনেই ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও মহাপরিচালক (ডিজি) পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এনটিআরসিএ-এর চেয়ারম্যান হয়েছেন রাজা মো. আব্দুল হাই এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মু. জসীম উদ্দিন খান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ হাবীবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ড. মো. লুৎফর রহমান এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন এম এম আরিফ পাশা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন দিল আফরোজ এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে খোন্দকার আনোয়ার হোসেন এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) মো. আব্দুল্লাহ আল-মামুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক পদে দেলোয়ার হোসেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল হিসেবে হাসান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আই.এ/সকালবেলা