‘সংসদে ৫ প্লাস ৫ চলে, আর বাইরে চলে কী’—প্রশ্ন মাহফুজের

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
‘সংসদে ৫ প্লাস ৫ চলে, আর বাইরে চলে কী’—প্রশ্ন মাহফুজের

অনলাইন ডেস্ক: সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টের মূল বক্তব্য: মাহফুজ আলম তাঁর পোস্টে গত দুই সপ্তাহের রাজনৈতিক আলাপ এবং জনদুর্ভোগের বৈপরীত্য তুলে ধরেন। তিনি লেখেন, “গত দুই সপ্তাহ সংস্কার-বিচারের আলাপ কোথায় গেল? জ্বালানিসংকট, হামে শিশুমৃত্যু, জ্বালানির জন্য কৃষকের মৃত্যু, লোডশেডিং, অর্থনীতির বেহাল দশা, নাগরিক নিরাপত্তাহীনতা ইত্যাদি নিয়ে আলাপ কই?”

তিনি রাজনৈতিক দলগুলোর সমঝোতার সমালোচনা করে আরও বলেন, “বাটোয়ারা করে নিজেরা নিজেরা চালাবেন আবার দুপুরে এক পক্ষ মারবেন, রাত্রে আরেকপক্ষ মারবেন—এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?”

এমপিদের সুযোগ-সুবিধা নিয়ে কটাক্ষ: জনগণের মৌলিক সংকটগুলো পাশ কাটিয়ে সংসদ সদস্যদের ব্যক্তিগত সুযোগ-সুবিধা বৃদ্ধির দিকে নজর দেওয়ায় মাহফুজ আলম তীব্র ব্যঙ্গ করেন। তিনি লেখেন, “স্থানীয় সরকারের অফিস দেওয়া হচ্ছে এমপিদের! ক্ল্যাপ, ক্ল্যাপ! গাড়ি লাগবে এমপিদের! ক্ল্যাপ, ক্ল্যাপ! নিজেরা নিজেরা খেলব। ক্ল্যাপ, ক্ল্যাপ!”

তাঁর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সাধারণ মানুষের দুর্ভোগের সময়ে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং রাজনৈতিক সমঝোতা নিয়ে তাঁর এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন