গুপ্তরা আমাকে বিতর্কিত করতে চেয়েছিল: হামিম
অনলাইন ডেস্ক: ছাত্রদলের পদ ফিরে পেতে আবেদন করেছেন সংগঠনটির সাবেক হল আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি দাবি করেছেন, তার বিভিন্ন বক্তব্য ‘মিস কোড’ করে তাকে বিতর্কের মুখে ফেলার চেষ্টা করা হয়েছিল।
সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
হামিম বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তাকে শোকজ করে এবং পরে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়।
ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, একটি বক্তব্যকে কেন্দ্র করে ‘গুপ্ত’ হিসেবে উল্লেখ করা কিছু ব্যক্তি তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে তাকে ছাত্রদলের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছেন।
তিনি বলেন, পরবর্তীতে একইভাবে ছাত্রদলকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোরও অপচেষ্টা চালানো হয়েছিল।
হামিম দাবি করেন, ছাত্রদল সবসময় সব ধর্ম ও নাগরিকের প্রতি সমান শ্রদ্ধাবোধ রেখে রাজনীতি করে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অব্যাহতির পরও তারা তাকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন এবং ভুল থেকে শিক্ষা নিতে সহযোগিতা করেছেন।
তিনি বলেন, সাময়িক অব্যাহতির ঘটনাকে তিনি ‘শিক্ষা’ হিসেবে নিয়েছেন এবং এতে দলের প্রতি তার দায়বদ্ধতা আরও বেড়েছে।
|