জামায়াত ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান বলেছেন, "জামায়াতের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়। ইসলামের নাম ভাঙিয়ে জামায়াতে ইসলামী মূলত চাঁদাবাজি করছে।" আজ রোববার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান বলেন, জামায়াত ক্ষমতার জন্য ইসলামকে যেভাবে বিকৃতভাবে জনগণের সামনে তুলে ধরছে, তাতে মনে হয় তারা ক্ষমতার লোভে ইসরাইলের সঙ্গেও সম্পর্ক করতে রাজি হতে পারে। রোজা আর পূজা যাদের কাছে এক জিনিস, তারা কীভাবে দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ রাখে—তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া এই নেতা আরও বলেন, "একজন চোরও টুপি মাথায় দিয়ে চুরি করতে ভয় পায়, কিন্তু জামায়াতের লোকজনের সুন্নতি লেবাসে অনায়াসে মিথ্যা বলতে বাধে না। ইসলামি আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ যে, তারা শেষ সময়ে জামায়াতের মুনাফেকি ধরতে পেরে তাদের জোটে যুক্ত হয়নি।"
বিএনপিকে নিয়ে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের জবাব দিয়ে রাশেদ খান বলেন, জামায়াতের আমির গতকাল বলেছেন বিএনপির নাকি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবাই চাঁদাবাজ। অথচ জামায়াত নেতাদের কাছে নিজের স্ত্রীর চিকিৎসার চেয়েও বায়তুল মালের চাঁদা তোলা বেশি গুরুত্বপূর্ণ। জামায়াত কৌশলের নামে ইসলামকে দুর্বল করছে এবং ইসলামের লেবাস ধরে প্রতিনিয়ত মিথ্যা বলছে অভিযোগ করে তিনি বলেন, এদের সঙ্গে জোটে থাকাও এক ধরনের পাপ।
|