ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার আইনি নোটিশ, নড়বড়ে ফিফা রাজত্ব

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ণ
ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার আইনি নোটিশ, নড়বড়ে ফিফা রাজত্ব
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি উচ্চবিলাসী ও বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হওয়ার পর তাঁর বিরুদ্ধে নজিরবিহীন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে ইউরোপীয় ফুটবলের মূল গভর্নিং বডি উয়েফা।

বিতর্কের মূল সূত্রপাত ঘটে ফিফা প্রধান ইনফান্তিনোর একটি অত্যন্ত গোপন ব্যবসায়িক পরিকল্পনা থেকে। তিনি আগামী দিনের বিশ্বকাপ ফুটবল আসরগুলোর সম্ভাব্য লভ্যাংশের এক বিশাল অংশ বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে আগাম বিক্রি করে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার তহবিল গঠনের পরিকল্পনা এঁকেছিলেন। কৌশল হিসেবে এর বিনিময়ে ফিফার অন্তর্ভুক্ত প্রতিটি সদস্য রাষ্ট্রকে এককালীন ২০ মিলিয়ন ডলার করে অনুদান দেওয়ার প্রলোভনও দেখানো হয়েছিল।

তবে এই গোপন আর্থিক লেনদেনের খবর প্রকাশ্যে আসতেই বিশ্ব ফুটবল অঙ্গনে চরম প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়। বিশেষ করে উয়েফাসহ ইউরোপীয় পরাশক্তি দেশগুলো এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়। অবিলম্বে এই বাণিজ্যিক পরিকল্পনা বাতিল ও প্রত্যাহার না করা হলে ইউরোপের দেশগুলো ফিফা আয়োজিত সকল আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিশ্বকাপ বয়কট করার সরাসরি হুমকি দেয়।

উয়েফা ও সদস্য দেশগুলোর দিক থেকে আসা অভূতপূর্ব চৌমুখী চাপের মুখে পড়ে বাধ্য হয়ে নিজের বিতর্কিত পরিকল্পনা থেকে পিছু হটেন ইনফান্তিনো। তবে পরিকল্পনা থেকে সরে এলেও পরিস্থিতি শান্ত হয়নি। উয়েফা আনুষ্ঠানিকভাবে ফিফাকে একটি কঠোর আইনি নোটিশ বা ‘প্রিজারভেশন লেটার’ পাঠিয়েছে।

এই বিশেষ আইনি দলিলের মাধ্যমে উয়েফা ফিফা সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে—এই পরিকল্পনা সংক্রান্ত তাদের যাবতীয় দাপ্তরিক নথি, গোপন বার্তা, ইমেইল ও আর্থিক ফাইল সতর্কতার সঙ্গে সংরক্ষণ করতে হবে। উয়েফা এই অনিয়মের ঘটনায় ফিফা সংস্থা এবং প্রধান জিয়ান্নি ইনফান্তিনোসহ শীর্ষ ১৮ জন কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের আইনি মামলা বা আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ দায়ের করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে।

চলতি এই নজিরবিহীন আইনি ও কৌশলগত সংকটের ফলে আন্তর্জাতিক ফুটবল রাজনীতিতে ইনফান্তিনোর দীর্ঘদিনের ক্ষমতার ভিত্তিমূল মারাত্মকভাবে কেঁপে উঠেছে। আগামী মার্চ মাসে বিশ্ব ফুটবলের মসনদের জন্য ফিফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উয়েফা ইতোমধ্যে ইনফান্তিনোর বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে একজন সর্ব গ্রহণযোগ্য বিকল্প প্রার্থীর খোঁজ শুরু করেছে, যা ইনফান্তিনোর গত ১০ বছরের একচ্ছত্র ক্ষমতার রাজত্বকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।

(সূত্র: আল-জাজিরা)

মন্তব্য করুন