ইসরায়েল ঘৃণা ও সহিংসতা বাড়াচ্ছে: ম্যাক্রোঁ

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
ইসরায়েল ঘৃণা ও সহিংসতা বাড়াচ্ছে: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বর্তমান সামরিক কৌশল খোদ তাদের নিজেদের স্বার্থেরই পরিপন্থী বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর মতে, এই নীতি সমগ্র অঞ্চলে কেবল ঘৃণা ও সহিংসতাকেই উসকে দিচ্ছে।

ফরাসি টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স ২’কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘দায়িত্বশীলতার পরিচয়’ দেওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা সম্পূর্ণ সঠিক ছিল। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশীদের ভূখণ্ড দখল করে কখনো ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

ম্যাক্রোঁ আরও যোগ করেন, "নেতানিয়াহু গাজা, পশ্চিম তীর এবং দক্ষিণ লেবাননে যে নীতি ও সামরিক কৌশল বজায় রেখেছেন, তা দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ। কারণ এটি এই অঞ্চলের সবকটি জনগোষ্ঠীর মনে তীব্র ক্ষোভ, ঘৃণা ও সহিংসতার জন্ম দিচ্ছে।"

লেবাননের বর্তমান পরিস্থিতিতে ইরানের সাথে সাম্প্রতিক শান্তি চুক্তির গুরুত্ব পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি ঘোষণা দেন, "আমরা খুব শীঘ্রই আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করব, যাতে লেবাননের সেনাবাহিনী নিজেদের অঞ্চলের ওপর পুনরায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।"

একই সাথে ম্যাক্রোঁ স্পষ্ট করেন যে, চুক্তির পরেও ইরানের বিষয়টি নিয়ে উত্তেজনা বা যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে এখন একটি সহযোগিতা ও আলোচনার নতুন অধ্যায় শুরু হয়েছে।

সংঘাত এড়ানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "যুদ্ধের চেয়ে যেকোনো চুক্তি সবসময়ই উত্তম পথ, বিশেষ করে যখন পরিস্থিতি চরম উত্তেজনার দিকে ধাবিত হওয়ার ঝুঁকি থাকে। আর এই ক্ষেত্রটিতেও ঠিক তা-ই ঘটেছে। কারণ আমরা কেবল বোমা হামলার মাধ্যমে কোনো শাসনব্যবস্থার পরিবর্তন আনতে পারি না।"

সূত্র: টিআরটি উর্দু

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন