পছন্দের দপ্তর না পাওয়ায় শপথের তিন দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
পছন্দের দপ্তর না পাওয়ায় শপথের তিন দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: নিজের পছন্দের দপ্তর না পাওয়ার অভিযোগে শপথ নেওয়ার মাত্র তিন দিনের মাথায় ভারতে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি। এ ঘটনায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের নতুন সরকার গঠনের পরপরই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

গত বুধবার কর্ণাটকের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন রেড্ডি। শপথের তিন দিনের মাথায় আজ শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন। দপ্তর বণ্টন নিয়ে তীব্র অসন্তোষ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রামালিঙ্গা রেড্ডি জানান, মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে যখন ১৩ সদস্যের মন্ত্রিসভার দপ্তর বণ্টন করা হয়, তখন তাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, যা তার কাছে গ্রহণযোগ্য ছিল না।

রেড্ডির দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ডি কে শিবকুমার স্বয়ং তার বাড়িতে এসেছিলেন। তখন তিনি নিজেই রেড্ডিকে বেঙ্গালুরুর দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং রেড্ডি তাতে সম্মতি জানান। মুখ্যমন্ত্রী তাকে দুবার একই প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রামালিঙ্গা রেড্ডি বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর পাওয়ার বিষয়ে অনড় ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব না দেওয়ায় তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

রামালিঙ্গা রেড্ডি আরও স্পষ্ট করে জানিয়েছেন, এখন যদি তাকে পছন্দের দপ্তরও দেওয়া হয়, তবুও তিনি ডি কে শিবকুমারের মন্ত্রিসভায় আর যোগ দেবেন না। তিনি কেবল একজন সাধারণ বিধায়ক হিসেবে কাজ করে যাবেন এবং কংগ্রেস দলের সঙ্গেই থাকবেন।

মন্তব্য করুন