পশ্চিমবঙ্গে ৪ দিনে সহিংসতার ঘটনা ৩৪টি
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী চার দিনে (৪ মে থেকে ৭ মে) রাজ্যজুড়ে অন্তত ৩৪টি পরিকল্পিত সহিংসতার ঘটনা ঘটেছে। নাগরিক অধিকার রক্ষা বিষয়ক সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব সিভিল রাইটস’ (এপিসিআর)-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এই চার দিনে সহিংসতায় অন্তত দুজন নিহত হয়েছেন—যাঁদের মধ্যে একজন হিন্দু ও একজন মুসলিম। এছাড়া ৫০ জন মুসলিম শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। আক্রান্ত হয়েছে ৫৪টি সম্পত্তি, যার মধ্যে ১৭টি মুসলিমদের বাড়ি, ১০টি মসজিদ এবং মুসলিম মালিকানাধীন ৮টি দোকান ও হোটেল রয়েছে। তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও সমর্থকদের বাড়িতেও ৮টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে কোচবিহার ও উত্তর ২৪ পরগনায় (প্রতিটিতে ৭টি)। এছাড়া কলকাতা (৫), দক্ষিণ ২৪ পরগনা (৫), হাওড়া (৪) ও মুর্শিদাবাদে (৩) হামলার ঘটনা ঘটেছে। এপিসিআর দাবি করেছে, এটি কেবল স্থানীয় গোলযোগ নয়, বরং একটি পরিকল্পিত বিদ্বেষপূর্ণ পরিস্থিতির বহিঃপ্রকাশ।
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দোকানপাটে অগ্নিসংযোগের একটি ভিডিও পোস্ট করে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী এখন কোথায়? পশ্চিমবঙ্গ যখন পুড়ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি নীরবে তা দেখছেন? বিজেপির ছত্রছায়ায় এসব সহিংসতা চালানো হচ্ছে।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিজেপি নির্বাচনে জয়ের পর এই হামলার হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ১০টি ক্ষেত্রে অর্থনৈতিক বয়কট এবং ৩টি স্থানে বুলডোজার ব্যবহারের মতো ঘটনাও নথিবদ্ধ করা হয়েছে।
|