স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখলে যে বিপদ হতে পারে

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখলে যে বিপদ হতে পারে

বর্তমান সময়ে ওয়্যারলেস হেডফোন, স্মার্টওয়াচ কিংবা দ্রুত ফাইল শেয়ারিংয়ের প্রয়োজনে ব্লুটুথ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে কাজ শেষে ব্লুটুথ বন্ধ না করার অভ্যাসটি আপনার ব্যক্তিগত নিরাপত্তা ও ডিভাইসের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। 

ব্লুটুথ সবসময় সক্রিয় থাকলে আপনার ফোনটি আশপাশের অন্যান্য ডিভাইসের কাছে দৃশ্যমান হয়ে থাকে। এতে সাইবার অপরাধীরা সহজেই আপনার ডিভাইস শনাক্ত করে হ্যাকিংয়ের সুযোগ পেতে পারে। ব্লুটুথ সিগন্যাল ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান বা চলাচলের তথ্য ট্র্যাক করা সম্ভব। অনেক জনসমাগমপূর্ণ এলাকায় বা শপিং মলে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এই পদ্ধতিতে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে, যা ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী। অনেক সময় হ্যাকাররা পরিচিত বা আকর্ষণীয় নাম ব্যবহার করে ভুয়া ডিভাইস তৈরি করে রাখে। ভুলবশত এমন ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে গেলে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য বা ফিচারে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। আধুনিক ব্লুটুথ প্রযুক্তি কম বিদ্যুৎ খরচ করলেও দীর্ঘ সময় এটি চালু থাকলে তা ধীরে ধীরে ব্যাটারির চার্জ কমিয়ে দেয়।

ব্লুটুথ ব্যবহার পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই, বরং কিছু সাধারণ সতর্কতা মেনে চলাই যথেষ্ট। যেমন— ১. প্রয়োজন শেষে ব্লুটুথ বন্ধ রাখা। ২. ডিভাইসকে 'নন-ডিসকভারেবল' (Non-discoverable) মোডে রাখা। ৩. অপরিচিত বা অচেনা ডিভাইসের রিকোয়েস্ট গ্রহণ না করা। ৪. ফোনের সিকিউরিটি প্যাচ ও সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা।

বিশেষ করে জনসমাগমস্থলে বা পাবলিক স্থানে ব্লুটুথ ব্যবহারের সময় বাড়তি সতর্ক থাকা জরুরি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন