‘অথবা তুমি আমি’ নাটকে দুর্দান্ত পারসা ইভানা
বিনোদন প্রতিবেদক: নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী—সব পরিচয় ছাপিয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পারসা ইভানা। সম্প্রতি তার অভিনীত ‘অথবা তুমি আমি’ নাটকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে, যেখানে তার দুর্দান্ত অভিনয় প্রশংসিত হচ্ছে।
বৃষ্টি সিদ্দিকীর গল্পে এবং আইয়ূব সিদ্দিকীর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা ইমরাউল রাফাত। গত ১২ জুন ইউটিউবে প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। অল্প সময়ের মধ্যেই নাটকটি ১৬ লাখেরও বেশি ভিউ অতিক্রম করেছে। এই নাটকে পারসার বিপরীতে দেখা গেছে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানকে।
চরিত্রটির চ্যালেঞ্জ সম্পর্কে পারসা ইভানা বলেন, “নাটকটি প্রচারের পর থেকে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার চরিত্রটি বেশ আলাদা ও চ্যালেঞ্জিং ছিল। পরিচালক রাফাত ভাই যেভাবে চেয়েছিলেন, আমি সেভাবেই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করেছি। দর্শকদের ভালোবাসা ও প্রশংসা সত্যিই আমাকে অনেক বেশি আনন্দিত ও কৃতজ্ঞ করেছে।”
এর আগেও পারসা ইভানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। তবে ‘অথবা তুমি আমি’ নাটকের মাধ্যমে তিনি দর্শকদের কাছে তার অভিনয়ের এক নতুন মাত্রা তুলে ধরেছেন বলে মত প্রকাশ করছেন নাট্য সংশ্লিষ্টরা।
জান্নাত সকালবেলা
|