এলো রুনা লায়লা-বাপ্পা’র ‘অনায়াসে’

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
এলো রুনা লায়লা-বাপ্পা’র ‘অনায়াসে’

বিনোদন ডেস্ক: উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে প্রথমবারের মতো গানে কণ্ঠ মেলালেন দেশীয় সংগীতের অন্যতম জনপ্রিয় গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার। বেশ আগেই এই দুই গুণী শিল্পীর একসঙ্গে গান গাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল। এবার এক জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই বহুল প্রতীক্ষিত গানটি শ্রোতাদের মাঝে প্রকাশ করা হয়েছে। ‘অনায়াসে’ শিরোনামের নতুন এই দ্বৈত গান নিয়ে হাজির হয়েছেন দুই প্রজন্মের এই দুই সংগীত তারকা।

গত শনিবার রাতে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই এটি শ্রোতা ও নেটিজেনদের প্রশংসায় ভাসছে।

‘অনায়াসে’ গানটির চমৎকার ও আবেগী কথা লিখেছেন গালিব হাসান। এর সুর, সংগীতায়োজন এবং নান্দনিক মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটি বাপ্পা মজুমদারের নতুন ‘অনুভব’ অ্যালবামের অংশ হিসেবে ‘অগ্নিলীলা রেকর্ডস’-এর ব্যানারে নির্মিত হয়েছে।

গানটিতে শাস্ত্রীয় ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে তবলার আয়োজন করেছেন পল্লব স্যানাল এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। পুরো গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন সৈয়দ আমজাদ হোসেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পর থেকেই গানপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ‘অনায়াসে’। সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে শ্রোতাদের মুগ্ধতার ছাপ। অনেক নেটিজেন ও সংগীত সমালোচক গানটিকে ইতিমধ্যে একটি ‘মাস্টারপিস’ সৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছেন।

নতুন এই কাজ প্রসঙ্গে জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা বলেন, "বাপ্পা যখন প্রথম আমাকে এই গানটির ডেমো শোনালো, তখনই এর সুর ও কথা আমার ভীষণ ভালো লেগেছিল। ‘অনায়াসে’ গানটি অবশেষে প্রকাশ পেলো। আমার বিশ্বাস, যারা শুদ্ধ ও ভালো গান ভালোবাসেন এবং বোঝেন, তাদের এই গানটি অবশ্যই ছুঁয়ে যাবে।"

উচ্ছ্বসিত বাপ্পা মজুমদার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "রুনা আন্টির (রুনা লায়লা) মতো একজন লিভিং লেজেন্ডের সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারাটা যেকোনো সংগীতশিল্পীর জন্যই পরম সৌভাগ্যের ব্যাপার। আমার মিউজিক্যাল ক্যারিয়ারে এটি অত্যন্ত ভালো লাগার একটি মুহূর্ত। গানটি নিয়ে শ্রোতাদের সুন্দর সুন্দর মন্তব্য শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন