ফ্যাশন ও শিল্পের মেলবন্ধনে মেট গালার রেড কার্পেট

প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
ফ্যাশন ও শিল্পের মেলবন্ধনে মেট গালার রেড কার্পেট

অনলাইন ডেস্ক: নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে সোমবার (৪ মে ২০২৬) রাতে বসেছিল ফ্যাশন জগতের সবচেয়ে বড় উৎসব ‘মেট গালা’। বিনোদন, খেলাধুলা ও ফ্যাশন জগতের বিশ্বসেরা তারকাদের উপস্থিতিতে রেড কার্পেট রূপ নিয়েছিল এক জীবন্ত ক্যানভাসে। এবারের আয়োজনটি রেকর্ড ৪২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যা গত বছরের চেয়ে অনেক বেশি।

‘ফ্যাশনই শিল্প’ এবারের আসরের মূল থিম ছিল ‘কস্টিউম আর্ট’, যেখানে পোশাককে কেবল পরিধেয় নয় বরং একটি শৈল্পিক সৃষ্টি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ১০ বছর পর মেট গালায় ফিরে এসে সবাইকে চমকে দিয়েছেন অনুষ্ঠানের সহ-সভাপতি বিয়ন্সে। রত্নখচিত কঙ্কালের গাউন এবং জমকালো পালকের কোটে তিনি রেড কার্পেটে রাজকীয় উপস্থিতি জানান দেন।

অনুষ্ঠানের সূচনা করেন টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস এবং অভিনেত্রী নিকোল কিডম্যান। সঙ্গীত জগতের আইকন ম্যাডোনা, শের ও স্টিভি নিক্সের পাশাপাশি নতুন প্রজন্মের সেনসেশন সাব্রিনা কার্পেন্টার, ডোজা ক্যাট ও টাইলার মতো তারকারাও ভিন্নধর্মী পোশাকে নজর কাড়েন।

ফ্যাশন আইকন রিহানা ও এএসএপি রকি বরাবরের মতো দেরিতে এলেও তাদের স্টাইলিশ লুক সবার দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে, তারকা গায়ক ব্যাড বানি বার্ধক্যের রূপ ধারণ করতে কৃত্রিম অঙ্গ ও সাদা পরচুলা পরে হাজির হয়ে এক অভাবনীয় চমক সৃষ্টি করেন।

এবারের গালার বিশেষ আকর্ষণ ছিল পোশাকের পাশাপাশি বিখ্যাত চিত্রকর্ম ও ভাস্কর্যের প্রদর্শনী। ভ্যান গগের কালজয়ী চিত্রকর্ম ‘আইরিস’-এর পাশে সেন্ট লরেন্টের ডিজাইন করা পোশাকের উপস্থাপন প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করে। এ ছাড়া সব জল্পনা উড়িয়ে অভিনেত্রী ব্লেক লাইভলি আইনি ঝামেলা মিটিয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনার সৃষ্টি করেন।

প্রতি বছরের মতো মে মাসের প্রথম সোমবারে আয়োজিত এই অনুষ্ঠানটি ফ্যাশন এবং শৈল্পিক সৃজনশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন