লন্ডনের রাস্তায় কবীর বাহিয়ার হাত ধরে কৃতি, বিয়ের গুঞ্জন তুঙ্গে

লন্ডনের রাস্তায় কবীর বাহিয়ার হাত ধরে কৃতি, বিয়ের গুঞ্জন তুঙ্গে

লন্ডনে ছুটির আমেজে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তবে একা নন— তাঁর সঙ্গে রয়েছেন কথিত প্রেমিক, লন্ডনভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়া। বহুদিন ধরেই বি-টাউনে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে কৃতির বোন নূপুর শ্যানন-এর বিয়েতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। 

এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে লন্ডনে তাঁদের ঘোরাঘুরির ছবি ও ভিডিও। যদিও কৃতি বা কবীর কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে বারবার একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।

লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা গেছে দু’জনকে। এসময় কৃতির পরনে ছিল বাদামি হাইনেক টিশার্ট, ডেনিম ব্লু জিনস ও পিচ পিঙ্ক জ্যাকেট। অন্যদিকে কবীরকে দেখা যায় নেভি ব্লু জিনস ও জ্যাকেটে। এর আগেও গ্রিসে কৃতির জন্মদিন উদ্‌যাপনের সময় তাঁদের একসঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছিল। সেখান থেকেই মূলত প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৃতি ও কবীর।

ফলে লন্ডনে তাঁদের এই সফরকে কেউ কেউ ‘প্রাক-মধুচন্দ্রিমা’ বলেও আখ্যা দিচ্ছেন। যদিও ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরনো— তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে জল্পনা। অনেকে কৃতির হেয়ারস্টাইল দেখে সময় মেলানোর চেষ্টাও করছেন। তবে একটি বিষয় স্পষ্ট— সম্পর্ক নিয়ে নীরব থাকলেও, একসঙ্গে তাঁদের উপস্থিতি আলোচনার কেন্দ্রেই রাখছে এই জুটিকে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন