ফেসবুকে সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
ফেসবুকে সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে দল এবং বর্তমান সরকার—উভয়ের সমালোচনা করে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ও ফেসবুক পোস্ট: শোভন তাঁর পোস্টে বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতিকে ‘গভীর সংকটের ক্রান্তিলগ্ন’ হিসেবে অভিহিত করেছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষিত এবং শহীদের আত্মত্যাগ পদদলিত হচ্ছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে।

দল ও সরকারের সমালোচনা: তিনি পোস্টে উল্লেখ করেন, “চলমান জাতীয় দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণভাবে কপটতার আশ্রয় নেওয়া দুর্বল সরকার ও দলের (বিএনপি) প্রতি সমর্থন প্রত্যাহার করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করছি।” এক দশকের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে বর্তমান দলের নীতি ও কার্যক্রমের সঙ্গে তাঁর পথচলা আর সম্ভব নয়।

চূড়ান্ত অঙ্গীকার: শোভন তাঁর পোস্টে আরও লিখেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা চলবে না। জাতির মর্যাদা রক্ষায় পুনরায় সংগ্রাম অনিবার্য হলে তিনি সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকবেন বলেও জানান।

এই পদত্যাগের ঘটনাটি ছাত্রদলের ভেতরে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন