বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের সাথে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময়

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের সাথে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও সুবিধা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সভাপতিত্ব করেন। বাকৃবি ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালকের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, আবাসন, স্বাস্থ্যসেবা এবং সার্বিক শিক্ষার্থী-সেবা আরও উন্নত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ভর্তি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দ্রুত অনাপত্তি পত্র (এনওসি) প্রাপ্তি ও মানসম্মত আবাসিক সুবিধার ওপর জোর দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, বিদেশি শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে শিগগিরই একটি আন্তর্জাতিক মানের ডরমেটরি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে মন্ত্রণালয়ের অনাপত্তি প্রাপ্তিতে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালেই সর্বোচ্চ ২৭ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন