কোটালীপাড়ায় হিরণ পঞ্চপল্লী বিদ্যালয়ে ৩৪ জনের ২১ জনই ফেল
আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে এ বছরের এসএসসি পরীক্ষায় চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জনই অকৃতকার্য হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীরা রাজনৈতিক চাপ ও আত্মহত্যার হুমকি দিয়ে জোরপূর্বক এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সোমবার (১০ আগস্ট) এসএসসির ফলাফল প্রকাশের পর হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এ চাঞ্চল্যকর তথ্য জানা যায়।
হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, "আমাদের বিদ্যালয়টি প্রতিবছরই ভালো ফলাফল উপহার দেয়। এবারও আমরা আশাবাদী ছিলাম। তবে নির্বাচনী পরীক্ষায় ফেল করা একদল শিক্ষার্থী রাজনৈতিক প্রভাব ও আত্মহত্যার হুমকি দিয়ে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেয়। তাদের কারণেই আমাদের প্রতিষ্ঠানের ফলাফলে এই বিপর্যয় ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এবং রেজাল্ট ভালো করা যায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।"
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন জানান, হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় এবং বৈকন্ঠপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে ফলাফলের চরম ধস নেমেছে। কী কারণে এসব প্রতিষ্ঠানে এত বড় বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখা হবে।
এদিকে উপজেলার বৈকন্ঠপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় থেকেও ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২২ জন কৃতকার্য হতে পেরেছে।
এআইএল/সকালবেলা
|