শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রখ্যাত কথাসাহিত্যিক শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম ও জীবন বিষয়ক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের শুভ উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “শহীদুল্লা কায়সার এমন একজন মহান সাহিত্যিক ও ঔপন্যাসিক, যিনি তাঁর সৃষ্টিশীল সাহিত্যকর্মের মাধ্যমে চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাঁর কালজয়ী রচনার মধ্যে অন্যতম হলো ‘সংশপ্তক’ ও ‘সারেং বউ’। ‘সারেং বউ’ উপন্যাসে একজন নাবিকের জীবনসংগ্রাম এবং গ্রামীণ নারীর অপরিসীম লড়াকু জীবন ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে ‘সংশপ্তক’ নাটকে সামন্তবাদী মোড়ল শ্রেণী দ্বারা কীভাবে সাধারণ মানুষ শোষিত হচ্ছিল, তা নিখুঁতভাবে দেখানো হয়েছে। তিনি তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের শোষক ও শোষিত শ্রেণীর বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন।”
তিনি গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে আরও বলেন, “অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য যে, এই মহান মানুষের জন্মতারিখ আমাদের জানা থাকলেও, একাত্তরের আলবদর বাহিনীর নির্মমতার কারণে তাঁর নিখোঁজ হওয়া বা মৃত্যুর সুনির্দিষ্ট কোনো তারিখ আমাদের জানা নেই। আজ আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তরুণ প্রজন্মের উচিত তাঁর লেখনীর গভীরে প্রবেশ করে তাঁকে আরও বেশি জানার চেষ্টা করা।”
নোবিপ্রবি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাসুদ রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন বাগচী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন আক্তার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভেন্দু সাহা।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিথি দেবনাথ। বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের সহকারী সম্পাদক রাজীব কুমার সাহার শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্না।
দুই দিনব্যাপী এই জ্ঞানগর্ভ সেমিনারের প্রথম দিনে নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এআইএল/সকালবেলা
|